পড়াশুনার পাশাপাশি ইসলামি অনুশাসন শিক্ষা :তৃতীয় পর্ব

মুহাম্মদ ইস্রাফিল হোসাইন

পর্দার প্রাথমিক ধারণা নেওয়া

ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবনবিধান। একজন মুসলিমের প্রতিটি পদক্ষেপে রয়েছে শরিয়তের নির্দেশনা। পর্দা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশনা, যা নারী-পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য। বিশেষত স্কুল জীবনের শুরু থেকেই ছেলে-মেয়েদের পর্দার প্রাথমিক ধারণা দেওয়া অত্যন্ত জরুরি। কেননা এই বয়সেই তাদের নৈতিকতা ও চরিত্র গঠিত হয়। কুরআন ও হাদিসে পর্দার গুরুত্ব বহুবার উল্লেখ করা হয়েছে, যা ছোটদের মন-মানসে সঠিকভাবে পৌঁছে দেওয়া অভিভাবক ও শিক্ষকের দায়িত্ব। পর্দা ফরজ বিধান অবহেরা করা যাবে না। নারীর পর্দা ইসলামের এক গুরুত্বপূর্ণ বিধান। সুন্দর সমাজ গড়ার চমৎকার ব্যবস্থাপনা। পর্দার বিধানের বাস্তবায়ন হলে মানুষ বহুবিধ সুফল পাবে। এ মর্মে আল্লাহ তায়ালা কুরআন মাজিদে বলেন-

وَ اِذَا سَاَلۡتُمُوۡہُنَّ مَتَاعًا فَسۡـَٔلُوۡہُنَّ مِنۡ وَّرَآءِ  حِجَابٍ ؕ ذٰلِکُمۡ  اَطۡہَرُ  لِقُلُوۡبِکُمۡ  وَ قُلُوۡبِہِنّ

 তোমরা তাদের (নারীদের) নিকট কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাও। এটা তোমাদের এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। সুরা আহজাব : ৫৩

আল্লাহ তায়ালা বলেন-

وَ قُلۡ لِّلۡمُؤۡمِنٰتِ یَغۡضُضۡنَ مِنۡ اَبۡصَارِہِنَّ وَ یَحۡفَظۡنَ فُرُوۡجَہُنَّ وَ لَا یُبۡدِیۡنَ  زِیۡنَتَہُنَّ  اِلَّا مَا ظَہَرَ  مِنۡہَا وَ لۡیَضۡرِبۡنَ بِخُمُرِہِنَّ عَلٰی جُیُوۡبِہِنَّ

 হে নবি! আপনি ঈমানদার নারীদের বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে ও তাদের লজ্জাস্থানের হিফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান থাকে তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তাদের গ্রীবা ও গলদেশ চাদর দ্বারা ঢেকে রাখে। সুর নূর : ৩১

আল্লাহ তাআলা বলেন-

قُلۡ لِّلۡمُؤۡمِنِیۡنَ یَغُضُّوۡا مِنۡ اَبۡصَارِہِمۡ وَیَحۡفَظُوۡا فُرُوۡجَہُمۡ ؕ ذٰلِکَ اَزۡکٰی لَہُمۡ ؕ اِنَّ اللّٰہَ خَبِیۡرٌۢ بِمَا یَصۡنَعُوۡنَ

“মুমিন পুরুষদের বলুন, তারা যেন দৃষ্টি সংযম করে এবং নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। এটি তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয়ই আল্লাহ তাদের কাজ সম্পর্কে অবগত।” সুরা নুর : ৩০

এই আয়াতদ্বয়ের মাধ্যমে আল্লাহ তাআলা নারী-পুরুষ উভয়ের জন্য পর্দার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ, দৃষ্টি সংযম ও শালীন পোশাক হলো পর্দার প্রথম ধাপ।

মহান আল্লাহ বলেন-

یٰۤاَیُّہَا النَّبِیُّ  قُلۡ  لِّاَزۡوَاجِکَ  وَ  بَنٰتِکَ وَ نِسَآءِ الۡمُؤۡمِنِیۡنَ یُدۡنِیۡنَ عَلَیۡہِنَّ مِنۡ جَلَابِیۡبِہِنَّ ؕ ذٰلِکَ اَدۡنٰۤی اَنۡ یُّعۡرَفۡنَ فَلَا  یُؤۡذَیۡنَ

 হে নবি! আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিন নারীদেরকে বলে দিন যে, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদেরকে চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। সুরা আহজাব : ৫৯

উম্মু সালামা (রা.) বলেন, উক্ত আয়াত অবতীর্ণ হলে (মদিনার) আনসারদের মহিলারা যখন বের হল, তখন তাদের মাথায় (কালো) চাদর (বা মোটা ওড়না) দেখে মনে হচ্ছিল যেন ওদের মাথায় কালো কাকের ঝাঁক বসে আছে। সুনানে আবু দাউদ : ৪১০১

আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি ধর্মেরই একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। আর ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো ’লজ্জাশীলতা’। সুনানে ইবনে মাজাহ : ৪১৮১

অতএব, একজন মুসলিম ছেলে বা মেয়ে যদি স্কুল জীবন থেকেই পর্দার গুরুত্ব বুঝতে শেখে, তবে তার চরিত্রে লজ্জাশীলতা ও নৈতিকতা দৃঢ়ভাবে গড়ে উঠবে।

কেন শৈশবেই পর্দার শিক্ষা জরুরি?

১. চরিত্র গঠন:

শৈশবে শেখা শিক্ষা সারাজীবন মনে থাকে। যদি ছোটবেলা থেকেই বালক-বালিকা শালীন পোশাক ও পর্দার অভ্যাস করে, তবে তা সহজে ত্যাগ করা যায় না।

২. নৈতিক অবক্ষয় থেকে সুরক্ষা:

আজকের সমাজে অশ্লীলতা, ফ্যাশন ও অবাধ মেলামেশা ছড়িয়ে পড়েছে। পর্দার প্রাথমিক শিক্ষা এ সব থেকে শিশুদের দূরে রাখে।

৩. ইমানি পরিবেশ সৃষ্টি:

রিবার ও স্কুলে যদি পর্দার পরিবেশ থাকে, তবে শিশুরা ইসলামী মূল্যবোধকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করে।

৪. ভবিষ্যতের প্রস্তুতি:

 বড় হয়ে যখন ছেলে-মেয়েরা বালেগ হবে, তখন পর্দা তাদের উপর ফরজ হয়ে যাবে। শৈশবেই এই অভ্যাস করলে বড় হলে তা সহজ হয়ে যাবে।

বালক ও বালিকার জন্য প্রাথমিক পর্দার শিক্ষা

বালক: ছোট থেকেই তাকে শালীন পোশাক পরার অভ্যাস গড়ে দিতে হবে। আঁটসাঁট ও অশোভন পোশাক বর্জন করতে হবে। মেয়েদের সঙ্গে অপ্রয়োজনীয় মেলামেশা থেকে বিরত থাকতে শেখাতে হবে।

বালিকা: স্কুল জীবন থেকেই তাকে ঢিলেঢালা ও পর্দাসম্মত পোশাক পরতে শেখাতে হবে। বালেগ হওয়ার আগেই মাথা ঢাকার অভ্যাস গড়ে তোলা উচিত।

উভয়ের জন্য: দৃষ্টি সংযম, অশালীনতা থেকে দূরে থাকা, সামাজিক যোগাযোগে ভদ্রতা ও লজ্জাশীলতা বজায় রাখা।

অভিভাবক ও শিক্ষকের ভূমিকা

অভিভাবকরা ঘরে ইসলামী পরিবেশ সৃষ্টি করবেন, যাতে সন্তানরা শালীন পোশাক ও আচরণে অভ্যস্ত হয়। শিক্ষকরা স্কুলে ছেলে-মেয়েদের মধ্যে ইসলামী আদর্শ তুলে ধরবেন, বিশেষত কুরআন ও হাদিসের আলোকে পর্দার গুরুত্ব ব্যাখ্যা করবেন।

শিশুরা যেন পর্দাকে শাস্তি মনে না করে বরং মর্যাদার প্রতীক মনে করে, সে দিকেও গুরুত্ব দিতে হবে।

স্কুল জীবন থেকেই মুসলিম বালক-বালিকাদের পর্দার প্রাথমিক শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। কুরআন ও হাদিসে নির্দেশিত দৃষ্টি সংযম, শালীন পোশাক এবং লজ্জাশীলতা তাদের নৈতিক উন্নয়ন, ইমানের দৃঢ়তা এবং ভবিষ্যতের সঠিক জীবনধারার ভিত্তি স্থাপন করে। তাই অভিভাবক ও শিক্ষকের উচিত ছোটদের কোমল হৃদয়ে ইসলামী পর্দার শিক্ষা সুন্দরভাবে পৌঁছে দেওয়া। এভাবে তারা বড় হয়ে হবে আদর্শ মুসলিম, যারা দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করবে।

সাধারণ আচরণ ও আখলাকের শিক্ষা

একজন মুসলিম সন্তানের জীবনের ভিত্তি তৈরি হয় তার স্কুল জীবনে। এই সময়েই সে সাধারণ আচরণ ও আখলাকের শিক্ষা গ্রহণ করে, যা তার চরিত্র গঠনের মূল স্তম্ভ। কুরআন ও হাদিসে অভিভাবকের প্রতি আনুগত্য, শিক্ষকের প্রতি শ্রদ্ধা, বন্ধুদের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এবং সমাজের প্রতি দায়িত্ব পালনের উপর জোর দেওয়া হয়েছে। আবার রাসূল ﷺ বলেছেন, “তোমাদের মধ্যে সর্বোত্তম সেই, যার আখলাক উত্তম।” তাই স্কুল জীবনের শুরু থেকেই একজন মুসলিম সন্তান যদি অভিভাবকের সাথে ভদ্র ব্যবহার, শিক্ষকের প্রতি সম্মান, বন্ধুর প্রতি ভালোবাসা এবং সমাজের প্রতি দায়িত্বশীলতা শিখে নেয়, তবে সে একজন আদর্শ মানুষ ও মুসলিম নাগরিক হিসেবে গড়ে উঠবে।

ক. অভিভাবকের সাথে আচরণ :

ইসলাম মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে আদব-আখলাকের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। স্কুল জীবনে একজন মুসলিম সন্তান যখন সাধারণ আচরণ ও আখলাকের শিক্ষা গ্রহণ করবে, তখন সর্বাগ্রে তাকে শেখানো উচিত—কীভাবে অভিভাবকের সাথে আচরণ করতে হয়। কারণ পিতা-মাতা সন্তানের জন্য আল্লাহর দেওয়া অমূল্য নিয়ামত।

কুরআনের নির্দেশ

আল্লাহ তাআলা বলেছেন-

وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ۚ

“তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন, তাঁর ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতা-মাতার সাথে উত্তম আচরণ করো।” সূরা ইসরা: ২৩

আল্লাহ তাআলা আরও বলেছেন-

وَاخۡفِضۡ لَہُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحۡمَۃِ وَقُلۡ رَّبِّ ارۡحَمۡہُمَا کَمَا رَبَّیٰنِیۡ صَغِیۡرًا ؕ

আর তাদের উভয়ের জন্য দয়াপরবশ হয়ে বিনয়ের ডানা নত করে দাও এবং বল, ‘হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন-পালন করেছেন’। সূরা ইসরা : ২৪

১৮৯৯। আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহ তা’আলার সস্তুষ্টি এবং বাবার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহ তা’আলার অসন্তুষ্টি রয়েছে। সুনানে তিরমিজি : ১৮৯৯, সহীহাহ : ৫১৫

অভিভাবকের সাথে সন্তানের কর্তব্য :

১. অভিভাবকের সাথে ভদ্র ও কোমল ভাষায় কথা বলা।

২. তাদের সামনে উচ্চস্বরে কথা না বলা।

৩. তাদের জন্য দোয়া করা ও সর্বদা সন্তুষ্ট রাখার চেষ্টা করা।

৪. তাদের কষ্ট না দিয়ে যত্ন ও সেবা করা।

৫. তাদের সম্মান করা এবং তাদের প্রতি বিনয়ী হওয়া।

৬. তাদের অনুমতি ছাড়া ভ্রমণ না করা বা দূরে কোথাও না যাওয়া।

৭. তাদের বৈধ আদেশ মেনে চলা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা।

৮. আর্থিক সামর্থ্য থাকলে তাদের আর্থিক সাহায্য করা বা ভরণপোষণ দেওয়া।

৯. তাদের সাথে হাসিমুখে কথা বলা ও তাদের খোঁজ-খবর রাখা।

১০. তাদের বন্ধুবান্ধব ও আত্মীয়দের প্রতিও সম্মান দেখানো এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা।

উপসংহার : স্কুল জীবন থেকেই যদি সন্তান কুরআন-হাদিসের আলোকে অভিভাবকের সাথে আদব ও উত্তম আচরণ শিখে নেয়, তবে সে পরিণত বয়সে একজন আদর্শ মুসলিম হিসেবে গড়ে উঠবে। অভিভাবকের সন্তুষ্টিই সন্তানের জন্য দুনিয়া ও আখিরাতের সফলতার চাবিকাঠি।

খ. শিক্ষকের সাথে আচরণ

ইসলামে জ্ঞান অর্জন ও আলিমদের সম্মান প্রদর্শনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একজন মুসলিম সন্তান যখন স্কুল জীবনে সাধারণ আচরণ ও আখলাকের শিক্ষা গ্রহণ করবে, তখন তার জন্য শিক্ষকের সাথে ভদ্র ও সম্মানজনক আচরণ করা অত্যন্ত জরুরি। কারণ শিক্ষক হচ্ছেন জ্ঞান ও চরিত্র গঠনের মাধ্যম, আর তাদের সম্মান করা মানে জ্ঞানকে সম্মান করা।

আল্লাহ তাআলা বলেন-

الَّذِیۡنَ اٰمَنُوۡا مِنۡکُمۡ ۙ وَالَّذِیۡنَ اُوۡتُوا الۡعِلۡمَ دَرَجٰتٍ ؕ وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرٌ

তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে মর্যাদায় সমুন্নত করবেন। আর তোরা যা কর আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত। সূরা মুজাদিলা : ১১

এই আয়াত থেকে বোঝা যায়, জ্ঞানীরা আল্লাহর কাছে বিশেষ মর্যাদার অধিকারী। তাই তাদের প্রতি সম্মান প্রদর্শন করা শিক্ষার্থীর ঈমানেরই অংশ।

আব্দুল্লাহ ইবনু আমর (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করে না এবং আমাদের বড়দেরকে সম্মান করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সুনানে আবু দাউদ : ৪৯৪৩

শিক্ষকের সাথে কর্তব্য :

১. শিক্ষকের সাথে সর্বদা বিনয়ী ও শ্রদ্ধাশীল থাকা।

২. ক্লাসে মনোযোগী হওয়া এবং অশোভন আচরণ না করা।

৩. শিক্ষকের পরিশ্রম ও নির্দেশের কদর করা।

৪. তাদের জন্য দোয়া করা এবং বাইরে তাদের সম্মান বজায় রাখা।

৫. ক্লাসে প্রশ্ন করার সময় অনুমতি নেওয়া এবং নম্রভাবে প্রশ্ন করা।

৬. শিক্ষকের কথা মনোযোগ সহকারে শোনা এবং তাদের কথা মাঝে না কাটা।

৭. কোনো বিষয়ে দ্বিমত পোষণ করলেও তা মার্জিত ও শালীন ভাষায় প্রকাশ করা।

৮. শিক্ষকের দেওয়া কাজ ও অ্যাসাইনমেন্টগুলো সময়মতো এবং যত্ন সহকারে সম্পন্ন করা।

৯. রাস্তায় দেখা হলে প্রথমে সালাম দেওয়া বা সম্মান প্রদর্শন করা।

১০. অসুস্থতা বা অন্য কোনো কারণে ক্লাসে উপস্থিত থাকতে না পারলে শিক্ষকের কাছ থেকে বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নেওয়া।

উপসংহার: শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শন শুধু সামাজিক শিষ্টাচার নয়, বরং এটি ইসলামের নির্দেশ। স্কুল জীবনে যদি একজন মুসলিম সন্তান শিক্ষকের প্রতি ভদ্রতা ও কৃতজ্ঞতা শিখে নেয়, তবে সে জ্ঞানের আলোয় আলোকিত হবে এবং পরিণত বয়সে আদর্শ মুসলিম হিসেবে গড়ে উঠবে।

গ. বন্ধুদের সাথে আচরণ

বন্ধুত্ব মানুষের জীবনে একটি বিশেষ সম্পর্ক। স্কুল জীবনে বন্ধুদের সাথে মিলেমিশে থাকা, একে অপরকে সাহায্য করা এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা একজন মুসলিম সন্তানের আখলাকের গুরুত্বপূর্ণ অংশ। কুরআন ও হাদিসে সৎ বন্ধুত্ব এবং ভালো আচরণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

আল্লাহ তাআলা বলেন-

إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ

“নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই, কাজেই তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ঠিক করে দাও।” সূরা হুজুরাত : ১০

আল্লাহ তাআলা আরও বলেন-

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى

“তোমরা সৎকর্ম ও তাকওয়ায় একে অপরকে সহযোগিতা করো।” সূরা মায়িদা: ২

এই আয়াতগুলো প্রমাণ করে, বন্ধুদের সাথে সম্পর্ক হবে ভ্রাতৃত্ব, সহযোগিতা ও নেক কাজে সহায়তার ভিত্তিতে।

আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ মানুষ তার বন্ধুর রীতিনীতির (দ্বীন ধর্মের) অনুসারী হয়। কাজেই তোমাদের প্রত্যেকেই যেন লক্ষ্য করে, সে কার সঙ্গে বন্ধুত্ব করছে। সুনান আবু দাউদ : ৪৮৩৩

আনাস (রাযি.) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-

لا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ

“তোমাদের কেউ পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে নিজের জন্য যা চায়, তার ভাইয়ের জন্যও তা না চায়।” সহহি বুখারী : ১৩, সহিহ মুসলিম : ৪৫, আহমাদ : ১২৮০১, ১৩৮৭৫

বন্ধুর সাথে কর্তব্য :

১. বন্ধুর সাথে সর্বদা ভদ্রতা ও আন্তরিকতা দেখানো।

২. তাদের কষ্ট না দেওয়া এবং প্রয়োজন হলে সাহায্য করা।

৩. খারাপ কাজে প্ররোচিত না করা, বরং নেক কাজে উদ্বুদ্ধ করা।

৪. হিংসা, বিদ্বেষ ও প্রতারণা থেকে দূরে থাকা।

৫. বন্ধুর অনুপস্থিতিতে তার সম্মান ও সম্পদ রক্ষা করা।

৬. বন্ধুর দোষ-ত্রুটি গোপন রাখা এবং জনসমক্ষে তাকে লজ্জা না দেওয়া।

৭. বন্ধুর সুখে ও দুঃখে তার পাশে থাকা এবং সান্ত্বনা দেওয়া।

৮. বন্ধুর কোনো ভুল দেখলে গোপনে ও নম্রতার সাথে তাকে শুধরে দেওয়া।

৯. বন্ধুর সাথে কথা ও ওয়াদা রক্ষা করা এবং বিশ্বাস ভঙ্গ না করা।

১০. বন্ধুর জন্য দোয়া করা এবং তাকে আল্লাহর সন্তুষ্টির পথে চলতে উৎসাহিত করা।

উপসংহার : বন্ধুত্ব হলো ইসলামী ভ্রাতৃত্বের প্রতিফলন। স্কুল জীবনে যদি একজন মুসলিম সন্তান বন্ধুদের সাথে সৎ, ভালোবাসাপূর্ণ এবং ইসলামী আদব অনুসারে আচরণ করে, তবে সে শুধু ভালো বন্ধু নয়, বরং একজন আদর্শ মুসলিম চরিত্রের অধিকারী হয়ে উঠবে।

ঘ. স্কুল জীবনে সমাজের প্রতি দায়িত্ব

ইসলাম শুধু ব্যক্তিগত জীবন নয়, বরং সামাজিক জীবনেরও পূর্ণাঙ্গ দিকনির্দেশনা দিয়েছে। একজন মুসলিম সন্তান যখন স্কুল জীবনে সাধারণ আচরণ ও আখলাকের শিক্ষা গ্রহণ করবে, তখন তাকে সমাজের প্রতি দায়িত্বশীল হতে শেখানো জরুরি। কারণ সমাজই মানুষের বসবাসের পরিবেশ তৈরি করে এবং তার উন্নতি বা অবনতি অনেকাংশে সদস্যদের আচার-আচরণের উপর নির্ভর করে।

আল্লাহ তাআলা বলেন:

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ

“তোমরা সৎকর্ম ও তাকওয়ায় একে অপরকে সহযোগিতা করো এবং গুনাহ ও সীমালঙ্ঘনে একে অপরকে সহযোগিতা করো না।” সূরা মায়িদা: ২

এছাড়া আল্লাহ আরও বলেন:

كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ

“তোমরা সর্বোত্তম উম্মাহ, যারা মানুষের জন্য প্রকাশিত হয়েছে—তোমরা সৎকাজের নির্দেশ দাও এবং মন্দ কাজ থেকে বিরত রাখো।” সূরা আল ইমরান : ১১০

আবূ মূসা (রাযি.) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ একজন মু’মিন আরেকজন মু‘মিনের জন্যে ইমারতস্বরূপ, যার এক অংশ অপর অংশকে শক্তিশালী করে থাকে। এ ব’লে তিনি তার হাতের আঙুলগুলো একটার মধ্যে আরেকটা প্রবেশ করালেন। সহিহ বুখারি : ৪৮১, ২৪৪৬, ৬০২৬, সহিহ মুসলিম : ২৫৮৫, আহমাদ : ১৯৬৪৪

সমাজে প্রতি সন্তানের দায়িত্ব

১. সমাজে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা।

২. ছোট-বড় সবার সাথে ভদ্র আচরণ করা।

৩. গরিব-দুঃখীদের সাহায্যে এগিয়ে আসা।

৪. মিথ্যা, অন্যায় ও অশালীনতা থেকে দূরে থেকে অন্যদেরও তা থেকে বিরত করা।

৫. মিলেমিশে থাকা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখা।

৬. জনসাধারণের সম্পদ রক্ষা করা এবং রাস্তা-ঘাট, পার্ক, শিক্ষাপ্রতিষ্ঠানের মতো স্থানগুলোর ক্ষতি না করা।

৭. প্রতিবেশীর অধিকার সম্পর্কে সচেতন থাকা এবং তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা।

৮. আইন-কানুন মেনে চলা এবং সমাজবিরোধী কার্যকলাপ থেকে নিজেকে দূরে রাখা।

৯. বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় অংশগ্রহণ করা, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি সুস্থ পরিবেশ পায়।

১০. অন্যের ধর্ম, সংস্কৃতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সমাজে সহাবস্থানের উদাহরণ সৃষ্টি করা।

উপসংহার : স্কুল জীবনে থেকেই যদি একজন মুসলিম সন্তান সমাজের প্রতি দায়িত্বশীল হতে শেখে, তবে সে বড় হয়ে একজন আদর্শ নাগরিক ও মুসলিম হিসেবে গড়ে উঠবে। কুরআন ও হাদিসের আলোকে সমাজের কল্যাণে কাজ করাই একজন মুসলিমের অন্যতম বড় দায়িত্ব।

 সন্তানের দু’আ ও যিকির শিক্ষা

একজন মুসলিমের জীবনে দু’আ ও যিকিরের গুরুত্ব অপরিসীম। কারণ দু’আ হলো বান্দার সাথে আল্লাহর সরাসরি যোগাযোগের মাধ্যম, আর যিকির হলো হৃদয়কে প্রশান্ত রাখার সর্বোত্তম উপায়। স্কুল জীবনে থেকেই যদি একজন মুসলিম সন্তান মাসনুন দু’আ ও যিকির শিখে নেয়, তবে তার অন্তর আল্লাহর স্মরণে ভরপুর থাকবে এবং প্রতিটি কাজ ইসলামের আলোকে পরিচালিত হবে।

দু’আ ও যিকিরের গুরুত্ব

কুরআনে আল্লাহ তাআলা বলেন-

وَقَالَ رَبُّکُمُ ادۡعُوۡنِیۡۤ اَسۡتَجِبۡ لَکُمۡ ؕ  اِنَّ الَّذِیۡنَ یَسۡتَکۡبِرُوۡنَ عَنۡ عِبَادَتِیۡ سَیَدۡخُلُوۡنَ جَہَنَّمَ دٰخِرِیۡنَ 

আর তোমাদের রব বলেছেন, ‘তোমরা আমাকে ডাক, আমি তোমাদের জন্য সাড়া দেব। নিশ্চয় যারা অহঙ্কার বশতঃ আমার ইবাদাত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে।’ সূরা গাফির: ৬০

আল্লাহ তায়ালা আরও বলেন-

اَلَّذِیۡنَ اٰمَنُوۡا وَتَطۡمَئِنُّ قُلُوۡبُہُمۡ بِذِکۡرِ اللّٰہِ ؕ  اَلَا بِذِکۡرِ اللّٰہِ تَطۡمَئِنُّ الۡقُلُوۡبُ ؕ

যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়; জেনে রাখ, আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়’। সূরা রা’দ: ২৮

২/৩৮২৮। নোমান ইবনে বশীর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দোয়াই হলো ইবাদত। অতঃপর তিলাওয়াত করেন—

وَقَالَ رَبُّکُمُ ادۡعُوۡنِیۡۤ اَسۡتَجِبۡ لَکُمۡ

 ’এবং তোমার প্রভু বলেছেন, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিবো’’ সুরা গাফির : ৬০। সুনানে ইবনে মাজাহ : ৩৮২৮, সুনানে তিরমিযী : ২৯৬৯, ৩২৪৭, ৩৩৭২, সুনানে  আবূ দাউদ : ১৪৭৯, ১৭৮৮৮, ১৭৯১৯, ১৭৯৬৪, মিশকাত : ২৩৩০

আবূ মূসা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

مَثَلُ الَّذِي يَذْكُرُ رَبَّهُ وَالَّذِي لَا يَذْكُرُ رَبَّهُ مَثَلُ الْحَيِّ وَالْمَيِّتِ

যে ব্যক্তি তার প্রতিপালককে স্মরণ করে এবং যে স্মরণ করে না—তাদের দৃষ্টান্ত জীবিত ও মৃত মানুষের মতো।” সহীহ বুখারী : ৬৪০৭, সহিহ মুসলিম : ৭৭৯

এ থেকে প্রমাণিত হয়, একজন মুসলিম সন্তানকে ছোটবেলা থেকেই মাসনুন দু’আ ও যিকির শিখতে হবে, যেন তার জীবনের প্রতিটি ধাপে আল্লাহর স্মরণ থাকে।

উদারহরন হিসেবে কিছু গুরুত্বপূর্ণ সময় উল্লেখ করছি যখন মাসনুন দু’আ করা উচিত।

১. ফজর থেকে সূর্যোদয় পর্যন্ত সকালবেলার যিকির।

২. আসর থেকে সূর্যাস্ত পর্যন্ত সন্ধ্যার যিকির।

৩. সালাত শেষ করার পর।

৪. ঘুমানোর আগে।

৫. ঘুম থেকে জেগে ওঠার পর।

৬. সেহরি ও ইফতারের সময়।

৭. রুকু, সিজদা ও তাশাহহুদের মধ্যে।

৮. কষ্ট, দুশ্চিন্তা বা বিপদে পড়লে।

৯. ভ্রমণ বা সফরে বের হওয়ার সময়।

১০. বৃষ্টির সময় বা আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে।

উদারহরন হিসেবে কিছু গুরুত্বপূর্ণ স্থান উল্লেখ করছি যেখানে মাসনুন দু’আ ও যিকির করা উচিত।

১. মসজিদে প্রবেশ ও বের হওয়ার সময়।

২. ঘরে প্রবেশ ও বের হওয়ার সময়।

৩. টয়লেটে প্রবেশ ও বের হওয়ার সময়।

৪. যানবাহনে ওঠার সময়।

৫. কবর জিয়ারতের সময়।

৬. বাজারে প্রবেশের সময়।

৭. নতুন পোশাক পরার সময়।

৮. খাওয়া শুরু ও শেষ করার সময়।

৯. আয়নায় তাকানোর সময়।

১০. অসুস্থ কারও খোঁজ নিতে গেলে।

নোট : বইয়ের কলরব বৃদ্ধি পাবে বিধায় দুআসহ উল্লেখ করা হলো না। এ সম্পর্কে আপনারা “হিসনুল মুসলিম” দুআর বইটি সংগ্রহ করে পড়তে পারেন।

উপসংহার : দু’আ ও যিকির একজন মুসলিম সন্তানের জীবনে শক্তি ও প্রশান্তির উৎস। এগুলো তাকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে, অন্তরে ঈমান দৃঢ় করে এবং জীবনের প্রতিটি কাজে আল্লাহর সাহায্য লাভের সুযোগ এনে দেয়। স্কুল জীবনে থেকেই মাসনুন দু’আ শেখানো উচিত, বিশেষত সময় ও স্থানের সাথে সম্পর্কিত দু’আসমূহ। এতে সন্তান শৈশব থেকেই আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবে এবং তার জীবন হবে বরকতময়।

হালাল-হারামের প্রাথমিক জ্ঞান অর্জন করা

স্কুল জীবনে একজন মুসলিম সন্তানের জন্য হালাল-হারামের প্রাথমিক জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জ্ঞান তাকে সঠিক পথে পরিচালিত করে এবং নৈতিকভাবে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলে। কুরআন ও হাদিসের আলোকে এই বয়সে মূলত যেসব বিষয় শেখা উচিত, তা নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

১. হালাল-হারামের মূল ধারণা

প্রথমত, শিশুদের সহজভাবে হালাল ও হারামের মূল ধারণা বোঝাতে হবে। হালাল হলো সেই কাজ বা জিনিস যা আল্লাহ অনুমোদিত করেছেন, আর হারাম হলো যা তিনি নিষিদ্ধ করেছেন। আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল পথ অনুসরণ করা এবং হারাম থেকে দূরে থাকা প্রতিটি মুসলমানের জন্য অবশ্যপালনীয়।

নুমান ইবনু বশীর (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি যে, ‘হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট। আর এ দু’য়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয়- যা অনেকেই জানে না। যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয়সমূহ হতে বেঁচে থাকবে, সে তার দ্বীন ও মর্যাদা রক্ষা করতে পারবে। আর যে সন্দেহজনক বিষয়সমূহে লিপ্ত হয়ে পড়ে, তার উদাহরণ সে রাখালের ন্যায়, যে তার পশু বাদশাহ্ সংরক্ষিত চারণভূমির আশেপাশে চরায়, অচিরেই সেগুলোর সেখানে ঢুকে পড়ার আশংকা রয়েছে। জেনে রাখ যে, প্রত্যেক বাদশাহরই একটি সংরক্ষিত এলাকা রয়েছে। আরো জেনে রাখ যে, আল্লাহর যমীনে তাঁর সংরক্ষিত এলাকা হলো তাঁর নিষিদ্ধ কাজসমূহ। জেনে রাখ, শরীরের মধ্যে একটি মাংসের টুকরো আছে, তা যখন ঠিক হয়ে যায়, গোটা শরীরই তখন ঠিক হয়ে যায়। আর তা যখন খারাপ হয়ে যায়, গোটা শরীরই তখন খারাপ হয়ে যায়। জেনে রাখ, সে মাংসের টুকরোটি হল অন্তর। সহহি বুখারি : ৫২, ২০৫১, সহিহ মুসলিম : ১৫৯৯, আহমাদ : ১৮৩৯৬, ১৮৪০২

শিশুদের বোঝানো উচিত—যা স্পষ্ট হালাল, তা গ্রহণ করা উচিত; যা স্পষ্ট হারাম, তা অবশ্যই বর্জন করতে হবে।

২. খাদ্য ও পানীয়

খাদ্যের বিষয়ে হালাল-হারামের জ্ঞান খুবই জরুরি। শিশুদের শেখানো উচিত যে, সকল প্রকার শূকরের মাংস, মৃত প্রাণীর মাংস, এবং এমন প্রাণী যা আল্লাহর নামে জবেহ করা হয়নি, তা খাওয়া হারাম। পাশাপাশি মাদকদ্রব্য ও নেশাজাতীয় জিনিসও হারাম।

কুরআনে আল্লাহ তাআলা বলেছেন:

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِنَّمَا الۡخَمۡرُ وَالۡمَیۡسِرُ وَالۡاَنۡصَابُ وَالۡاَزۡلَامُ رِجۡسٌ مِّنۡ عَمَلِ الشَّیۡطٰنِ فَاجۡتَنِبُوۡہُ لَعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ

হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা-বেদী ও ভাগ্যনির্ধারক তীরসমূহ তো নাপাক শয়তানের কর্ম। সুতরাং তোমরা তা পরিহার কর, যাতে তোমরা সফলকাম হও। সূরা মায়িদাহ: ৯০

এই শিক্ষা শিশুদেরকে সুস্থ ও পবিত্র জীবনযাপনে উৎসাহিত করে।

৩. পোশাক ও সাজসজ্জা

পোশাকের ক্ষেত্রে শিশুদের শেখাতে হবে—মুসলিম ছেলেদের জন্য রেশমের পোশাক ও সোনার অলংকার পরা হারাম। মেয়েদের জন্য শরীরের সৌন্দর্য প্রকাশের ক্ষেত্রে শালীনতা বজায় রাখা অপরিহার্য, যা ইসলামে পর্দার প্রাথমিক ধারণা দেয়।

আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা হচ্ছে আওরাত (আবরণীয় বস্তু)। সে বাইরে বের হলে শাইতান তার দিকে চোখ তুলে তাকায়। সুনানে তিরমিজি : ১১৭৩, মিশকাত : ৩১০৯, ইরওয়া : ২৭৩

৪. নৈতিকতা ও আচরণ

হালাল-হারামের ধারণা শুধু খাদ্য ও পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানুষের আচরণেও প্রযোজ্য। মিথ্যা বলা, চুরি, প্রতারণা, গিবত (পরচর্চা) করা এবং অন্যের অধিকার লঙ্ঘন করা হারাম।

আবূ হুরাইরাহ (রাযি.) থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটিঃ ১. যখন কথা বলে মিথ্যা বলে; ২. যখন অঙ্গীকার করে ভঙ্গ করে এবং ৩. আমানত রাখা হলে খিয়ানাত করে। সহিহ বুখারি : ৩৩ ২৬৮২, ২৭৪৯, ৬০৯৫, সহিহ মুসলিম : ৫৯, আহমাদ : ৯১৬২

’আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমাকে জিবরীল (আঃ) সর্বদা প্রতিবেশীর ব্যাপারে অসীয়ত করতে থাকেন। এমনকি, আমার ধারণা হয়, শীঘ্রই তিনি প্রতিবেশীকে ওয়ারিস করে দিবেন। সহিহ বুখারি : ৬০১৪, সহিহ মুসলিম : ২৬২৪, আহমাদ : ২৪৩১৪

শিশুদের শেখানো উচিত—সৎ থাকা, আমানত রক্ষা করা এবং প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা আল্লাহর কাছে প্রিয়।

৫. উপার্জন

যদিও স্কুল বয়সে শিশুরা উপার্জন করে না, তবুও তাদের মধ্যে হালাল উপার্জনের গুরুত্ব বোঝানো উচিত। ঘুষ, সুদ, প্রতারণার মাধ্যমে উপার্জন হারাম।

কুরআনে আল্লাহ বলেন:

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَاۡکُلُوۡۤا اَمۡوَالَکُمۡ بَیۡنَکُمۡ بِالۡبَاطِلِ اِلَّاۤ اَنۡ تَکُوۡنَ تِجَارَۃً عَنۡ تَرَاضٍ مِّنۡکُمۡ ۟ وَلَا تَقۡتُلُوۡۤا اَنۡفُسَکُمۡ ؕ اِنَّ اللّٰہَ کَانَ بِکُمۡ رَحِیۡمًا

হে মুমিনগণ, তোমরা পরস্পরের মধ্যে তোমাদের ধন-সম্পদ অন্যায়ভাবে খেয়ো না, তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসার মাধ্যমে হলে ভিন্ন কথা। আর তোমরা নিজেরা নিজদেরকে হত্যা করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে পরম দয়ালু। সুরা নিসা : ২৯

আল্লাহ বলেন-

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَاۡکُلُوا الرِّبٰۤوا اَضۡعَافًا مُّضٰعَفَۃً ۪  وَاتَّقُوا اللّٰہَ لَعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ ۚ

হে মুমিনগণ, তোমরা সুদ খাবে না বহুগুণ বৃদ্ধি করে। আর তোমরা আল্লাহকে ভয় কর, যাতে তোমরা সফল হও। সুনা আল ইমরান : ১৩০

৬. বন্ধু নির্বাচন

শিশুদের হালাল-হারামের জ্ঞান তাদের বন্ধু নির্বাচনে সাহায্য করে। ভালো বন্ধু ভালো পথে চালিত করে।

৪৮৩৩। আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ মানুষ তার বন্ধুর রীতিনীতির (দ্বীন ধর্মের) অনুসারী হয়। কাজেই তোমাদের প্রত্যেকেই যেন লক্ষ্য করে, সে কার সঙ্গে বন্ধুত্ব করছে। সুনান আবু দাউদ : ৪৮৩৩, সুনান তিরমিজি : ২৩৭৮, আহমদ : ৮৩৯৮

উপসংহার : হালাল-হারামের প্রাথমিক জ্ঞান স্কুল জীবনে শিশুদের নৈতিক ও আধ্যাত্মিক ভিত্তি মজবুত করতে সাহায্য করে। এটি তাদের মধ্যে আল্লাহর ভয় ও ভালোবাসা তৈরি করে, যা জীবনের প্রতিটি ধাপে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *